আপনি হয়ত চাইছেন আপনার ওয়াই-ফাই সুবিধা যুক্ত মোবাইল বা স্মার্ট ফোনটিতে আপনার পিসির ইন্টারনেট কানেকশন শেয়ার করে ব্যবহার করতে । কিংবা আপনার দুইটা ল্যাপটপ যার একটা ইন্টারনেটে কানেক্টেড । আপনি চাচ্ছেন ইন্টারনেট কানেকশনটা তারবিহীন ভাবে অপর ল্যাপটপটার সাথে ব্যবহার করতে । আপনার ইন্টারনেট কানেক্টেড পিসিকে ভার্চুয়াল রাউটার বানিয়ে কাজটা খুব সহজে এবং ঝামেলাবিহীন ভাবে করতে পারেন – এজন্য আমরা ব্যবহার করব hostapd নামের ছোট্ট সফটওয়্যারটি ।
১. hostapd বেশ কাজের হলেও ড্রাইভারের দিক দিয়ে এর কিছু সীমাবদ্ধতা আছে , যে কারণে সব ওয়্যারলেস কার্ডে এটি ব্যবহার করা যাবে না – বিশেষ করে Atheros এর কার্ডগুলো ব্যবহার করতে চাইলে ডিফাল্ট ath9k ড্রাইভার বদলে mad-wifi এর ড্রাইভার ইন্সটল করতে হবে । তবে nl80211 ড্রাইভারের এটি চমতকার কাজ করে । আপনার ড্রাইভার কোনটি তা জানতে টার্মিনাল খুলে নীচের কমান্ড দিন -
sudo lshw -class network|grep driver
আউটপুটে driver = nl80211 এরকম একটা অংশ পাবেন ।
২. এবার hostapd ইন্সটল করার পালা । সিনাপ্টিক, সফটওয়্যার সেন্টার থেকে hostapd লিখে সার্চ দিয়ে ইন্সটল করে নিন । টার্মিনালে ইন্সটল করার জন্য লিখুন -
sudo apt-get install hostapd
৩. এবার হোমফোল্ডারে hostapd.conf নামে একটা ফাইল তৈরি করুন । তাতে নীচের অংশটুকু লিখে দিন -
interface=wlan0 driver=nl80211 ssid=<nwtwork name> channel=1 hw_mode=g auth_algs=1 wpa=3 wpa_passphrase=<passphrase> wpa_key_mgmt=WPA-PSK wpa_pairwise=TKIP CCMP rsn_pairwise=CCMP
খেয়াল করুন – ssid অংশে আপনি নেটওয়ার্কের যে নাম চান সেটা লিখে দিন, এক শব্দের নাম দিন । wpa_passphrase অংশে যেকোন পাস দিন যা নেটওয়ার্কে কানেক্ট হবার সময় দরকার হবে । driver ঠিক আছে কিনা দেখে নিন [ ১ দ্রষ্টব্য ]
৪. এবার নেটওয়ার্ক চালু করতে টার্মিনাল খুলে লিখুন -
sudo hostapd hostapd.conf
নেটওয়ার্ক বন্ধ করতে টার্মিনালে CTRL + C চাপুন ।
হ্যাপি লিনাক্সিং !